।।নিজস্ব প্রতিবেদক।।
নির্বাচনে আসার জন্য সরকার কাউকে চাপ দিচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
হাছান মাহমুদ বলেন, বিএনপি (নেতারা) যে অপরাজনীতি করে তাতে তাদের আর রাজনীতি করার অধিকার নেই। তাদের সঙ্গে সংলাপ তো দূরের কথা।
আজ বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা বলেন তিনি।
বিএনপি নেতৃত্বাধীন জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা আজকে দেখলাম যে আরেকটা জোট করে নির্বাচনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। এখানে বিএনপির আরো অনেক সাবেক নেতাকে আমরা দেখছি, বিভিন্ন দলে তারা আসছে। এক্ষেত্রে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে চাপ সৃষ্টি করে তাদেরকে নির্বাচনে আনা হচ্ছে কি না, নাকি তারা স্বতঃস্ফূর্তভাবে আসছে- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘চাপ সৃষ্টি করলে তো বিএনপির আরো অনেক নেতা চলে আসতো। আমরা কাউকে চাপ সৃষ্টি করছি না।’
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, সিপিডি আর টিআইবি একপেশে কথা বলে। আগুন সন্ত্রাস নিয়ে তাদের কোনো বিবৃতি নেই। দেশের এই পরিস্থিতিতে তারা কোথায়? তারা কি অসুস্থ্য?






















