।।দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের পার্বতীপুরে জ্বালানি তেলবাহী ট্যাংকলরি বিস্ফোরনের এক শ্রমিক নিহত হয়েছে। এসময় দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে।
আজ শনিবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৭টার দিকে শহরের বাস টার্মিনালে রতন মোটর গ্যারেজের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক হলেন ওয়েলডিং মিস্ত্রী রতন হোসেন (৩০) নিহত হয়েছে। তিনি দিনাজপুর শহরের শেখপুরা রেলগেট এলাকার আবু কালামের ছেলে।
আহতরা হলেন ওয়েলডিং মিস্ত্রীর সহকারী নাহিদ (১৬) ও বাস সুপার ভাইজার বাদশা (২০)। এদের মধ্যে আশংকা জনক অবস্থায় বাদশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নাহিদকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সাকিব আল হাসান জানান, বাস টার্মিনাল এলাকায় রতন রোজামনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তেল পরিবাহী লরি মেরামতের কাজ করছিলেন ওয়েলডিং মিস্ত্রী রতন ও নাহিদ। তারা লরিটির ঢাকনা না খুলেই ঝালাইয়ের কাজ শুরু করেন। এতে বিকট শব্দে লরিটির বিস্ফোরিত হয়। উড়ে যায় লরির পিছনের ঢাকনাসহ সামনের কেডিন। এ সময় পাশে থাকা মিথুন নামের একটি যাত্রীবাহী বাসও ক্ষতিগ্রস্ত হয়।
লরির ড্রাইভার সেরাজুল ইসলাম জানান, তিনি তার লরিটি মেরামত করতে দিয়ে পাশের দোকানে চা খেতে যান। হঠাৎ করে বিকট শব্দ শুনে ছুটে এসে দেখেন ওয়েলডিং মিস্ত্রী রতন ও তার সহকারী নাহিদ ও বাস শ্রমিক বাদশা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। রতনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সোয়া ৮টার দিকে তিনি মারা যান।
পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান বলেন, সতর্কতার সহিত লরি মেরামত কাজ না করায় এ দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনায় ওয়েলডিং মিস্ত্রী রতন মারা গেছে ও দুই জন চিকিৎসাধীন আছেন।





















