।।কূটনৈতিক প্রতিবেদক।।
প্রধানমন্ত্রীর নির্দেশে ইয়েমেনে আল–কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামকে মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। গত বছরের ১১ ফেব্রুয়ারি যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে কাজ করার সময় সুফিউল আনামকে অপহরণ করা হয়। তিনি এখন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আছেন। আজকালের মধ্যে তার দেশে ফেরার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, অপহরণের পর দেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাকে (এনএসআই) প্রধানমন্ত্রী উদ্ধারের নির্দেশ দিলে সংস্থাটি সুফিউল আনামকে মঙ্গলবার ১৮ মাস পর উদ্ধার করে।
ইয়েমেনের এডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন সুফিউল আনামকে। জাতিসংঘের একটি ফিল্ড মিশন শেষে এডেনে ফেরার পথে গত বছর ১১ ফেব্রুয়ারি জাতিসংঘের আরও পাঁচ কর্মীসহ সুফিউল আনামকে জঙ্গি সংগঠন আল–কায়েদার সদস্যরা অপহরণ করে। অপহরণের পর সুফিউল আনামের মুক্তিপণ হিসেবে আল–কায়েদা ৩০ লাখ ডলার দাবি করেছিল। এই বিষয়ে মঙ্গলবার সাংবাদিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের কাছে জানতে চাইলে মন্ত্রণালয় কিছুই জানাতে পারেনি।





















