মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।
নাটোরের গুরুদাসপুরে স্ত্রী রিনা খাতুনকে (২০) হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আজ বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।
নাটোর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) এড. আনিসুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামি রনি মোল্লা (৩৩) গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, নাটোরের গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া গ্রামের বাসিন্দা রনি মোল্লার সঙ্গে পারিবারিক ভাবে রিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী রনি যৌতুকের দুই লাখ টাকার জন্য গৃহবধূকে নির্যাতন করতো। একপর্যায়ে ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর যৌতুকের টাকার জন্য নিজ বাড়িতে গৃহবধূ রিনাকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত করে স্বামী রনি মোল্লা। পরে স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা মফিজ উদ্দিন বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলায় রনি মোল্লাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ ৫ বছর পর শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালতের আসামি রনিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।






















