জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো: শরিফুল আলমসহ পাঁচজনকে ভৈরবের একটি বাসা থেকে ডিবি পরিচয়ে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
আজ শনিবার ভোর চারটার দিকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। ধরে নিয়ে যাওয়া অন্য চারজন হলেন- বিএনপি নেতা নুরুজ্জামান, সাইফুল, যে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে সেই বাড়ির মালিক মাজহারুল এবং শরীফুল আলমের গাড়ি চালক রতন মিয়া।
এসব তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।তাদের তুলে নিয়ে যাওয়া ও আটকের ব্যাপারে ভৈরব থানা, কিশোরগঞ্জ জেলা পুলিশ, ডিবি, র্যাব কিছুই জানেন না বলে এ প্রতিবেদককে জানানো হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে জানানো হয়নি।’
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘শরিফুল আলমসহ অন্যদের গ্রেফতার বা আটকের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’






















