।।খুলনা ব্যুরো।।
খুলনা টু ঢাকা রুটে বাস চলছে ঠিকই কিন্তু রয়েছে যাত্রী সংকট। আজ শনিবার (২৮অক্টোবর) ঢাকায় আ’লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এ যাত্রী সংকট বলে জানিয়েছেন বাস কাউন্টার ও চালকরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে আজ সকাল থেকেই যাত্রীর আনাগোনা কম থাকার কারনে সোনাডাঙ্গা বাস টার্মিনালে ঢাকাগামী বাসও রয়েছে কম।
বাস চালকরা জানান, ঢাকার সমাবেশকে কেন্দ্র করে বাস টার্মিনালে যাত্রীর সংখ্যা অনেক কম। খুব বেশি প্রয়োজন ছাড়া রাজধানীতে পা ফেলছেন না কেউ। অন্যান্য দিনের তুলনায় বাসও চলাচল করছে কম। অনেকে অগাম টিকিট কেটেও যাত্রা বাতিল করেছেন যার ফলে খুলনা থেকে টিকিট পেতে কোন ভোগান্তি নেই যাত্রীদের।
ঢাকাগামী যাত্রী মো. রায়হান জানান, আমি ব্যক্তিগত কাজের জন্য ঢাকা যাচ্ছি। টিকিট পেতে কোন সমস্যা হয়নি। ঢাকার আব্দুলাহপুর যাবো। টিকিট পেতে কোন ভোগান্তি নেই।
ইমাদ পরিবহনের সহকারি ম্যানেজার মো. হুমায়ুন কবির জানান, গাড়ী যাচ্ছে, তবে তুলনামূলক কম। অন্যান্য দিনে সকাল ৯টার মধ্যে ঢাকার উদ্দেশ্যে ১৫টির অধিক গাড়ি ছেড়ে যায়। কিন্ত আমরা সর্বোচ্চ গাড়ি ৫টি গাড়ি ছাড়তে পেরেছি। বাসস্টান্ডে কোন যাত্রীই নেই। যাত্রীসেবা ও ব্যবসায় ঠিক রাখার জন্য গাড়ি ছাড়া লাগছে।
সোনাডাঙ্গা টুঙ্গিপাড়া বাস কাউন্টারের রায়হান বলেন, আমাদের গাড়ি ছেড়ে যাচ্ছে। তবে অন্য দিনের থেকে তুলনামূলক কম। যাত্রীর চাপও অনেক কম। ঢাকায় সমাবেশের কারণে অনেকে যাচ্ছে না।





















