।।রংপুর ব্যুরো।।
রংপুর বিভাগে আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’। ঋণ ও সঞ্চয় কর্মসূচির পাশাপাশি আশা’র শিক্ষা, শিক্ষাবৃত্তি, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপি, স্যানিটেশন ও দুর্যোগকালীন সহায়তা ইত্যাদি সামাজিক উন্নয়নে কাজ করছে। রংপুর বিভাগের আট জেলায় ২১৫টি ব্রাঞ্চের মধ্যে ১৫৮টি ব্রাঞ্চে শিক্ষা কার্যক্রম, ৭টি ব্রাঞ্চে সমন্বিত স্বাস্থ্যকেন্দ্র, ৬১টি ব্রাঞ্চে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং রংপুর শহরে ১টি ফিজিওথেরাপি সেন্টার পরিচালনা করছে ‘আশা’।
আজ বুধবার (১১ অক্টোবর) দুপুরে আশা রংপুর বিভাগের উদ্যোগে নগরীর আরকে রোডে স্কাইলনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান আশা’র ডিভিশনাল ম্যানেজার মীর আনিছুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্বি। শেষ অতিথি ছিলেন আশা’র হেড অফ অডিট তানভির আহমেদ, আশার এ্যসিস্ট্যান্ট ডিরেক্টর এম. আনসারুল করিম, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন আশা রংপুর ডিভিশন ম্যানেজার মীর আনিছুর রহমান।
সভায় মীর আনিছুর রহমান বলেন, আশা ২০২২-২০২৩ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে ৬৩ কোটি টাকা ব্যয় করেছে এবং ২০২৩-২০২৪ অর্থ বছরে উক্ত খাতে ৯০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত রংপুর বিভাগে ৫ লাখ ১ হাজার ২০৮ জনকে দুই হাজার ৮৮৩ কোটি টাকার বেশি প্রাথমিক ঋণ প্রদান করেছে আশা। এর পাশাপাশি বিশেষ ঋণ খাতে ৪৭ হাজার ৬৬৯ জনকে ৮৮৯ কোটি টাকার ওপরে ঋণ দেয়া হয়েছে।
প্রধান অতিথি সাংবাদিকদের মাঝে আশা’র চলমান কার্যক্রম অবহিত করার মাধ্যমে প্রতিষ্ঠানের সচ্ছতা ও জবাবদিহিতার এক সাহসি উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে অবহিত করেন। আগামীতে এধরণের সকল কর্মসূচির পরিধি বৃদ্ধি করে সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টিতে ভূমিকা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আশা’র এ্যসিস্ট্যান্ট ডিরেক্টর এম. আনসারুল করিম। মতবিনিময় উপস্থিত সাংবাদিকদের রংপুর জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন বিভিন্ন সংস্থার কর্মসূচি সম্পর্কে অবগত করা হয়।





















