হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পুকুরের পানিতে ডুবে কাউছার বিশ্বাস (৫৭) নামে এক উপজেলা এলজিইডি দপ্তরের নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় সে।
পরে সকাল ১১টার দিকে খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা উপজেলা পরিষদ পুকুরের সিড়ির নিচ থেকে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিন্স মাহামুদ পরীক্ষা-নিরীক্ষা শেষে কাউছার বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। কাউছার মাগুড়া সদর উপজেলার বাসিন্দা আকবর বিশ্বাসের ছেলে।
মুঠোফোনে চরভদ্রাসন উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বাধঁন শোক প্রকাশ করে বলেন, তার দপ্তরের নৈশ প্রহরীর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। তিনি বলেন, নৈশ প্রহরী হিসেবে কাউছার কয়েক ধাপে চরভদ্রাসন এলজিইডি দপ্তরে প্রায় বিশ বছর যাবত কর্মরত ছিলেন।
কাউছার বিশ্বাসের ছেলে মেহেদী হাসান নাছিম জানায়, তাদের গ্রামের বাড়ি মাগুড়া সদর উপজেলায়। তার মা ও বোন নিয়ে বাবার চাকরির সুবাদে তারা প্রায় ২৩ বছর ধরে চরভদ্রাসনের বিএসডাঙ্গী গ্রামে বসবাস করে আসছেন। তার বাবা একজন হার্টের রোগী ছিলেন।






















