আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারীর সৈয়দপুরে রূপসা এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে ইমরান(২৬) নামে এক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে সৈয়দপুর রেলস্টেশনের ৩শ’গজ উত্তরে ইসলামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান শহরের গোলাহাট এলাকার মো. জাবেদের ছেলে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমরানের বাবা জাবেদ জানান, ইমরান মানসিক ভারসাম্যহীন ছিল। সে কখন বাড়ি থেকে বের হয়ে যায় আমরা কেউ জানিনা। পরে স্থানীয়দের কাছে শুনে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করা হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, সৈয়দপুর থানার ইসলামবাগ এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।






















