।।স্পোর্টস ডেস্ক।।
তারা দুজন খেলার দুই জগতের কিংবদন্তি। হুট করেই দুজনের দেখা হয়ে গেল আমেরিকায়। আর ওই মুহূর্তের সাক্ষী হয়ে রইলেন ইন্টার মায়ামির অন্যতম মালিক হোর্হে মাস। তিনি যে দুই মহাতারকার সঙ্গে আড্ডা দিয়েছেন, তারা হলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি এবং টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ।
২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচ সম্প্রতি সিনসিনাতির ওপেনের শিরোপা জিতেছেন। অন্যদিকে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে দারুণ সময় পার করছেন মেসি। লিগস কাপ জিতিয়ে মায়ামিকে প্রথম শিরোপা এনে দিয়েছেন। যেটি মেসির ক্যারিয়ারের ৪৪তম শিরোপা।
এরপর দলকে তুলেছেন ইউএস ওপেন কাপের ফাইনালেও। দুই অভিজ্ঞর ক্যারিয়ারে এখনো বসন্ত।
গতকাল রাতে এই দুজনের সঙ্গেই আড্ডা দেওয়ার সুযোগ পেলেন হোর্হে মাস। পরে সোশ্যাল মিডিয়ায় মেসি-জোকোভিচের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘কী দারুণ এক রাত।
ক্যাপশনের শেষে দুটি গটের ইমোজি দিয়ে মেসি আর জোকোভিচকে দুই ভুবনের সেরা হিসেবে বুঝিয়েছেন হোর্হে মাস। উল্লেখ্য, এর আগেও মেসির সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে সার্বিয়ান সুপারস্টার জোকোভিচকে।





















