নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
স্বতন্ত্র মেডিকেল বোর্ড গঠনসহ চার দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ করছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটস এর শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) সকালে মহানগরীর চরপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গাঙ্গিনারপাড় এসে শেষ হয়। পরে ফিরোজ জাহাঙ্গীর চত্বরে সমাবেশ করে তারা।
দাবিগুলো হলো – ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা, কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগ দেয়া, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান করা।
সমাবেশে বক্তব্য রাখেন ম্যাটস শিক্ষার্থী প্রভাকর সাহা, নাঈম আহমদ, কাউসার আহমদসহ অন্যরা।
শিক্ষার্থীরা জানান, স্বাস্থ্যখাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা প্রদান বিগত ৪৮ বছরে বাস্তবায়ন হয়নি। যার ফলে বাংলাদেশে একমাত্র ম্যাটস শিক্ষার্থীরাই উচ্চ শিক্ষার জন্য ৪৮ বছর ধরে দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। দেশের অন্যান্য সকল ডিপ্লোমা সেক্টরে সরকারী চাকরীর নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও এক যুগ ধরে ম্যাটস ডিপ্লোমা ধারীদের কোনো সরকারি নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নাই।
শিক্ষার্থীরা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের সকল সরকারী, বে-সরকারী ম্যাটস শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝোলনো সহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর থেকে কঠোরতর ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত গ্রহন করেছে।






















