।।নিজস্ব প্রতিবেদক।।
বিশ্বে শেখ হাসিনা নিজেই একটি মডেল। এই সরকার জনবান্ধব সরকার, এই সরকারের আমলে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পর এত উন্নয়ন আর কখনো হয়নি। এজন্য “শেখ হাসিনার কোন বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা-ই”। ২২ জুলাই শনিবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জে সুফল প্রকল্পের আওতায় রেঞ্জ অফিস উদ্বোধন ও তারণ্যের জয়যাত্রা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এসব কথা বলেন।

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, হাতি ও মানুষের দ্বন্দ্ব কাম্য নয়। এই দ্বন্দ্ব সমাধানের জন্য সরকার কাজ করে যাচ্ছে। তিনি প্রথমেই রাংটিয়া রেঞ্জে সুফল প্রকল্পের আওতায় রেঞ্জ অফিস উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, রাংটিয়া রেঞ্জের রেঞ্জার মকরুল ইসলাম আকন্দসহ উর্ধ্বতন বন কর্মকর্তা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকসহ আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলার রাংটিয়াতে উপজেলা যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ ও র্যালীতে যোগ দেন প্রধান অতিথি হিসেবে। উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা খাতুন শারমিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলমের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জেলা যুব লীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















