আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারীর সৈয়দপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি ৬০টি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। যার বাজার মূল্য প্রায় চার লাখ টাকা। শুক্রবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপি ভ্রাম্যমাণ আদালত আভিযান চালিয়ে ওইসব জাল জব্দ করেন সৈয়দপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে এনে জনসম্মূখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মোস্তারিনা আফরোজ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কে সওদাগর কুরিয়ার সার্ভিস অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা কৌশল অবলম্বন করে ওই কুরিয়ার সার্ভিসে ঢাকার দোহার থেকে আসা ৬০ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য চার লক্ষাধিক টাকা। পরে ওই সব জব্দকৃত জাল সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুুড়িয়ে ধ্বংস করা হয়।
সৈয়দপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম জানান, শহরের সওদাগর কুরিয়ার সার্ভিস অফিসে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নিষিদ্ধ ৬০টি জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।





















