।।বরগুনা প্রতিনিধি।।
ভুমিদস্যু ও সন্ত্রাসী রাকিবুল হাসান ইউসুফের অত্যাচার থেকে রক্ষা পেতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
আজ শনিবার (১৪অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে আমতলী-তালতলী সড়কের আড়পাঙ্গাশিয়া বাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
মানববন্ধনে ইউসুফের হাতে নির্যাতনের স্বীকার ২০ পরিবারসহ অন্তত সহস্রাধীক মানুষ অংশ নেয়। জানাগেছে, বান্দরবন ভুমি অফিসে চেইনম্যান হিসেবে কর্মরত রাকিবুল হাসান ইউসুফ আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা।
২০১২ সালে আমতলী ভুমি অফিসে থাকাকালিন অবস্থায় ভুয়া কাগজপত্রের মাধ্যমে প্রায় এক’শ একর খাস জমি তার ও তার পরিবার ও আত্মীয় স্বজনের নামে বন্দোবস্থ নেয়। এছাড়াও আড়পাঙ্গাশিয়া বাজারে পানি উন্নয়ন বোর্ডের তিন একর জলাশয় জোরপুর্বক দখল শেষে ভরাট করে মা সুফিয়া বেগমের নামেমার্কেট নির্মাণ করেন। বন্দোবস্থ জমি দখল করতে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড চালায় ইউসুফ। এতে তার বিরুদ্ধে আমতলী থানায় ডজন খানেক মামলা হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর তার অত্যাচারে একই এলাকার পাঁচ পরিবার এলাকা ছেড়ে অনাত্র চলে যায়। অভিযোগ রয়েছে উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় ইউসুফ একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তার সন্ত্রাসী কর্মকান্ড অতিষ্ঠ এলাকাবাসী।
ইউপি সদস্য দুলাল হাওলাদারের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি হুমায়ুন কবির হাওলাদার, শিক্ষক জাকির হোসেন হাওলাদার, ইউনিয়ন যুবলীগ সভাপতি কাওসার আহম্মেদ পপিন, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক নাজমুল আহসান, ইউনিয়ন যুবদল আহবায়ক জালাল হাওলাদার, নির্যাতিত আব্দুস সালাম প্যাদা,আউয়াল প্যাদা, শাহিদা বেগম, ডলি আক্তার ও ফাতেমা বেগম প্রমুখ।
তার সন্ত্রাসী কর্মকান্ড ও নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।





















