।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) তিনদিনের সফরে পাবনায় যাচ্ছেন।
এর আগে রাষ্ট্রপতির পাবনা সফরের বিষয়টি নিশ্চিত করেন প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আগমনকে কেন্দ্র করে পাবনা শহর ও আশপাশে উৎসবের আমেজ তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন এ উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে।
২০২৩ সালের ২৪ এপ্রিল প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর পাবনায় তার এটি দ্বিতীয় সফর।
কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপ্রধান জেলার সাথিয়া উপজেলায় নৌকাবাইচ-পূর্ব এক জনসমাবেশে ভাষণ দেবেন। এরপর শহরের পাবনা মেডিকেল কলেজ (পামেক) প্রাঙ্গণে ৫০০ শয্যা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
রাষ্ট্রপতিকে তার পৈতৃক বাসভবনে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।
এবং রাষ্ট্রপতির আগামী ২৯ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।





















