।।নিজস্ব প্রতিবেদক।।
শনিবার ঢাকায় ফের গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সরকারের পদত্যাগের এক দফাসহ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটি এই কর্মসূচি ঘোষণা করেছে।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আগামী শনিবার এই গণমিছিল করা হবে। বিএনপির সঙ্গে যুগপৎভাবে আন্দোলনে থাকা রাজনৈতিক দল-জোটগুলোও এই কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে সরকার আদালতকে ব্যবহার করে বিচার বিভাগকে অনাস্থার জায়গায় নিয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের মামলা দ্রুত নিষ্পত্তি করে সাজা দিচ্ছে। দেড় দশক আগের মামলা সচল করা হচ্ছে। দিনরাত চলছে আদালত। উদ্দেশ্য আন্দোলন স্তব্ধ করে আবারও একদলীয় নির্বাচন করা। রিজভী বলেন, আমাদের এক দফার আন্দোলন চলমান। বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, বিদ্যমান অবৈধ সংসদ বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে এই আন্দোলন।





















