আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুরে মিরন হত্যা মামলার রায়ে ১১ জনের যাবজ্জীবন কারাদন্ড

লক্ষ্মীপুরে মিরন হত্যা মামলার রায়ে ১১ জনের যাবজ্জীবন কারাদন্ড

।।নিজস্ব প্রতিবেদক।।

লক্ষ্মীপুর জেলা সদরের দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম মিরন হত্যা মামলার রায়ে আজ ২২ আগস্ট ১১ জনকে দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছর করে কারাদন্ডের আদেশ দেয় আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ১১ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট জসিম উদ্দিন এ তথ্য জানান।

তিনি এ প্রতিবেদককে বলেন, রায়ের সময় মিলন ও রুবেল নামে দন্ডপ্রাপ্ত দুইজন আসামি আদালতে উপস্থিত ছিল। বাকি আসামিরা পলাতক রয়েছে।

দন্ডপ্রাপ্তরা হচ্ছে- জামাল হোসেন ওরফে জামাল, মো. জসিম উদ্দিন, মো. শাহজাহান, মো. ফয়সাল খান জয়, মো. মিলন ওরফে সিএনজি মিলন, আল আমিন, বরকত, নিশান, লোকমান, রুবেল ও সুমন। খালাসপ্রাপ্তরা হচ্ছেন- মো. আলমগীর, মাহফুজ আলম সুমন, মামুন, মো. জুয়েল হোসেন, কাউসার হোসেন রাজন, শাহ আলম পাটওয়ারী সোহাগ, কাউসার, মো. রিপন, সামছুদ্দিন সামু, কামাল খান ওরফে চুল কামাল ও আলাউদ্দিন সুমন।

আদালত ও এজাহার সূত্রে জানাগেছে, ভিকটিম মিরন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি একই ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিও ছিলেন। ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর রাতে হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামে লিটনের মুদি দোকানে ইউপি মেম্বার মিরন আড্ডারত অবস্থায় ছিল। ওই সময় আসামিরা মিরনকে গুলি করে। এতে মিরন ঘটনাস্থলেই মারা যান। ৩০ সেপ্টেম্বর মিরনের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আসামি করে মামলা দায়ের করেন।

২০২১ সালের ২৪ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ইনচার্জ) মো. হাসান জাহাঙ্গীর হোসেন আদালতে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরমধ্যে বিভিন্ন সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ায় খোরশেদ আলম, শাহাদাত প্রকাশ কালা শাহাদাত ও ইলিয়াস কোবরাকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়।

দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ১১ জনকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে বেকসুর খালাস প্রদান করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ