।।স্পোর্টস ডেস্ক।।
ওয়ানডে দলের নতুন অধিনায়ক নির্বাচনের জন্য জরুরি বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৮ আগস্ট মঙ্গলবার দুপুর ২টায় মিরপুর শেরেবাংলায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এই সভা শেষেই নতুন ওয়ানডে অধিনায়কের নাম এবং এশিয়া কাপের জন্য দল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে বিসিবি কর্তাদের পছন্দের তালিকার শীর্ষে আছেন সাকিব আল হাসান।
যিনি টেস্ট ও টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছেন। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসরের আগে বিসিবি অভিজ্ঞ কারো হাতেই নেতৃত্ব তুলে দেওয়ার কথা ভাবছে। সাকিব যদি তিন ফরম্যাটের দায়িত্ব নিতে রাজি না হন, সে ক্ষেত্রে বিকল্প হিসেবে লিটন দাস এবং মেহেদী মিরাজের নাম আলোচিত হচ্ছে। লিটন দাস ইতিমধ্যে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন।
উল্লেখ্য, গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের মাঝপথে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম ইকবাল। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ডেকে পাঠান গণভবনে। প্রধানমন্ত্রীর নির্দেশে তামিম অবসর প্রত্যাহার করেন। এরপর দুবাইয়ে ছুটি কাটিয়ে চিকিৎসা নিতে যান লন্ডন।
গত ৩১ জুলাই দেশে ফেরার পর ৩ আগস্ট বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠক শেষে ওয়ানডের নেতৃত্ব ছেড়ে দেন তামিম।






















