।।লাইফস্টাইল ডেস্ক।।
গরমে জুতা থেকে অনেক সময় দুর্গন্ধ ছড়ায়। এজন্য নিয়মিত জুতার যত্ন নেওয়া দরকার।
গরমের সময় ঘাম বেশি হয়। অনেক সময় ঘামে ভিজে জুতা, মোজা ও পা থেকে দুগন্ধ ছড়ায়। জুতা খোলার পর সবচেয়ে বেশি ছড়ায় এমন দুর্গন্ধ। এজন্য গরমের সময় জুতা, মোজার আলাদা যত্ন নেওয়া জরুরি।
চামড়ার জুতার ব্যবহার
গরমে চামড়ার জুতা ব্যবহার করতে পারেন। চামড়ার জুতা অপেক্ষাকৃত বেশি আরামদায়ক। জুতার ফুটবেড বা ইনসোল চামড়ার কিনা খেয়াল করুন। ইনসোল খাটি চামড়ার হলে পা কম ঘামে।
গরমেও পা শীতল থাকে। পায়ে কম ঘাম হলে জুতা বেশিদিন ভালো থাকবে। গন্ধ কম হবে।
প্রতিদিন পরিষ্কার
গরমে রাস্তায় ধুলাবালি বেশি থাকে।
হাঁটতে গেলে জুতায় ধুলা ময়লা লাগেই। তাই বাসায় ফিরে প্রথমেই জুতায় লেগে থাকা ময়লা পরিষ্কার করে নিন। জুতা পরিষ্কার করার জন্য অনেক ধরনের ব্রাশ কিনতে পাওয়া যায়। এগুলো ব্যবহার করতে পারেন। প্রতিদিন পরিষ্কারে জুতা সুন্দর থাকবে।
পরেও আরাম মিলবে।
তীব্র রোদে জুতা না শুকানো
বৃষ্টিতে বা ঘামে জুতা ভিজে গেলে ফেলে রাখবেন না। দ্রুত শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। ময়লা বা কাদা লাগলে সুতি কাপড় পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। এরপর জুতাটি ভালো করে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। জুতা তীব্র রোদে শুকাবেন না। হালকা রোদে শুকিয়ে নিন।
গরমে জুতার যত্ন
জুতায় ময়লা জমে থাকলে জুতার রং নষ্ট হয়, জীবাণুর উপস্থিতি বাড়ে আর তাই জুতার কার্যক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই জুতা ব্যবহারযোগ্য রাখতে হলে এই গরমে জুতার প্রতি বিশেষ যত্নশীল হতে হবে।
জুতার উজ্জ্বলতায় শাইনার/ক্রিম
প্লেইন বা গ্লসি চামড়ার জুতার ক্ষেত্রে প্রতি সপ্তাহে অন্তত তিনবার জুতার শাইনার বা ক্রিম ব্যবহার করতে পারেন। এতে জুতার উজ্জ্বলতা বজায় থাকে ও চামড়ার মান ভালো থাকে।
মোজা ব্যবহারে সতর্কতা
স্লিপার জুতা বাদে অন্যান্য জুতা পরার সময় মোজা পরুন। প্রতিদিন একই মোজা ব্যবহার করবেন না। গরমে কটনের মোজা ব্যবহার করা ভালো। এতে পা কম ঘামে। জুতায় দুর্গন্ধ হয় না।
খোলা স্থানে জুতা রাখা
জুতা বদ্ধ স্থানে না রেখে খোলা জায়গায় রাখা ভালো। যেন আলো-বাতাসের সংস্পর্শে থাকে। কোনো জুতা দীর্ঘদিন ব্যবহার না করে ফেলে রাখা ঠিক নয়। জুতা ব্যবহারযোগ্য থাকবে না।





















