।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ভারতের লাদাখে সেনা সদস্যদের বহনকারী একটি ট্রাক ছিটকে নদীতে পড়ে অন্তত নয় সেনার মৃত্যু হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে নিহতদের মধ্যে এক জুনিয়র কমিশন কর্মকর্তা (জেসিও) এবং আট জওয়ান রয়েছে।
শনিবার বিকেলে লেহ থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে কিয়ারিতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ সুপার পিডি নিত্য। তিনি জানান আরও এক জওয়ানের চিকিৎসা চলছে। তার অবস্থা জটিল। পূর্ব লাদাখের কিয়ারিতে ভারতীয় সেনাবাহিনীর বিভাগীয় সদর দফতর রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাকটিতে ১০ সেনা ভ্রমণ করছিলেন। বহরে মোট পাঁচটি গাড়ি ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একটি দল। তারা আহত সেনাদের একটি সেনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে আটজনকে মৃত ঘোষণা করা হয়। অপর এক জওয়ান ঘটনাস্থলেই নিহত হন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক এক্স বার্তায় নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, তাদের এই অনুকরণীয় সেবা দেশ কখনো ভুলবে না।





















