।।স্পোর্টস ডেস্ক।।
সাদা পোশাকে বিখ্যাত ব্রড-অ্যান্ডারসন জুটি আর দেখা যাবে না। অ্যাশেজের পঞ্চম টেস্ট চলাকালীন হুট করেই অবসর ঘোষণা করেছেন ইংল্যান্ডের পেস মহাতারকা স্টুয়ার্ট ব্রড। এই রিপোর্ট লেখা পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৩৭ বছর বয়সী পেসারের শিকার সংখ্যা ৬০২। পেসার হয়েও এতগুলো উইকেট শিকার চাট্টিখানি কথা নয়।
ব্রডের বিদায়বেলায় সেটাই মনে করালেন রাহুল দ্রাবিড়।
শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ানডেতে পরাজিত হয়েছে ভারত। ম্যাচ শেষে ভারতের পরাজয় ছাপিয়ে আলোচনায় উঠে আসে ব্রডের অবসর প্রসঙ্গ। প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেন, ‘ব্রড দুর্দান্ত বোলার।
জেমস অ্যান্ডারসনের সঙ্গে তার জুটি মানুষ ভুলবে না। এত বছর ধরে তারা দুজন ইংল্যান্ডের জন্য লড়াই করেছে। ভালো ভালো স্পেল করেছে। টেস্টে ৬০০ উইকেট নেওয়া কিন্তু সহজ ব্যাপার নয়।
চলতি ওভাল টেস্টের চতুর্থ দিনে আজ রবিবার অস্ট্রেলিয়াকে ৩৮৪ রানের বিশাল টার্গেট দিয়েছে ইংল্যান্ড। জবাবে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বিনা উইকেটে ১৩৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। গতকাল অবসর ঘোষণার ক্ষণে ক্যারিয়ারের শেষ টেস্টটা জিততে চেয়েছেন ব্রড, ‘শুক্রবার রাতেই স্টোকসকে জানিয়েছিলোম। শনিবার সকালে ড্রেসিংরুমে বাকিদের বলেছি। আমি খুব আলোড়ন চাইনি।
সবাইকে বলেছি, শেষ কামড়টা দিতে চাই। এই টেস্ট জিতেই আমি শেষ করতে চাই।’
ইংল্যান্ডের হয়ে ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ব্রড। আন্তর্জাতিক ক্রিকেট মোট ৩৪৪টি ম্যাচে (১৬৭টি টেস্ট, ১২১টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি) মোট ৮৪৫টি উইকেট নিয়েছেন। এর মধ্যে টেস্টে ৬০২, ওয়ানডেতে ১৭৮ এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ৬৫টি উইকেট। ব্যাট হাতে টেস্টে ৩৬৫৪, ওয়ানডেতে ৫২৯ এবং টি-টোয়েন্টিতে করেছেন ১১৮ রান। সমৃদ্ধ ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে চারটি অ্যাশেজ এবং একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন এই ডানহাতি পেসার।






















