।।নিজস্ব প্রতিবেদক।।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বুধবার (১২ জুলাই) সকাল পৌনে এগারোটার দিকে প্রতিনিধি দল উখিয়াস্থ ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর কার্যালয়ে রেজিস্ট্রেশন সেন্টার পৌঁছান। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। এ সময় প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ( USAID) এশিয়া দফতরের উপ-সহকারি প্রশাসক অঞ্জলী কৌর।
উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারি পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, যুক্তরাষ্ট্রে প্রতিনিধি দল উখিয়াস্থ তিনটি ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম, রোহিঙ্গা কালচারাল সেন্টার পরিদর্শন ও রোহিঙ্গা কমিউনিটির নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। সহকারি পুলিশ সুপার মো. ফারুক আহমেদ আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফর উপলক্ষে ক্যাম্পে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে প্রতিনিধি দল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে উখিয়ায় রওনা দেন।
রোহিঙ্গা যুবনেতা মোহাম্মদ মুসা বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল রোহিঙ্গা কমিউনিটি নেতা, ইমাম, যুবকদের সঙ্গে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, প্রত্যাবাসনসহ নানা বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও প্রতিনিধি দলের কাছে রোহিঙ্গারা মায়ানমারে তাদের উপর মায়ানমার সরকারের নির্যাতন ও মৌলিক অধিকার পরিপন্থি আরোপিত বিভিন্ন বিধি-নিষেধ এর বর্ণনা করেন। সভায় রোহিঙ্গারা শান্তিপূর্ণ ও মর্যাদার সঙ্গে সকল অধিকার নিশ্চিতপূর্বক প্রত্যাবাসনের মতামত ব্যক্ত করেন।’























