আজ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

বিপুল সমর্থক নিয়ে আওয়ামী সমাবেশে বহিস্কৃত জাহাঙ্গীর

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ১২ জুলাই ২০২৩ @ ০৬:০৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ জুলাই ২০২৩@০৭:৩৫ অপরাহ্ণ
বিপুল সমর্থক নিয়ে আওয়ামী সমাবেশে বহিস্কৃত জাহাঙ্গীর

।।নিজস্ব প্রতিবেদক।।

আওয়ামী লীগ থেকে তিনি নাকি চিরতরে বহিষ্কৃত, তবে নিজেকে এই দলের একজন বলে এখনও মনে করেন জাহাঙ্গীর আলম। সে কারণেই ঢাকায় দলটির সমাবেশে গাজীপুর থেকে হাজার সমর্থক নিয়ে যোগ দিলেন তিনি। সরকার পতন নিশ্চিতের কর্মসূচি দিতে বুধবার ঢাকায় বিএনপির সমাবেশের দিন নিজেদের শক্তিমত্তার জানান দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগও সমাবেশ ডাকে। বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সেই ‘শান্তি সমাবেশে’ সদলবলে যোগ দেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর।

গাজীপুর থেকে রওনা হয়ে বিকাল সাড়ে ৪টায় সমাবেশস্থলে পৌঁছান জাহাঙ্গীর। তার আধা ঘণ্টা আগেই সমাবেশে বক্তৃতা শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে এই সমাবেশ হলেও রাজধানী এবং এর আশপাশের জেলাগুলো থেকেও নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন। বিভিন্ন সহযোগী সংগঠনও মিছিল নিয়ে সমাবেশে আসে। একদিন আগেই জাহাঙ্গীর জানিয়েছিলেন, ২৫০ গাড়ির বহর নিয়ে তিনি ঢাকার সমাবেশে যোগ দেবেন।

বহিষ্কৃত হয়েও সমাবেশে যোগ দেওয়ার কারণ জানতে চাইলে তিনি মঙ্গলবার রাতে দেশের শীর্ষ এক অনলাইন সংবাদমাধ্যমকে বলেছিলেন, “ঢাকার শান্তি সমাবেশে আমাকে লোকজন নিয়ে যেতে বলায় আমি গাজীপুর থেকে কয়েক হাজার লোক নিয়ে ঢাকায় যাব। এজন্য ২৫০ গাড়ি মোতায়েন থাকবে।” তবে তাকে কে লোক নিয়ে যেতে বলেছেন সে ব্যাপারে তিনি কিছু বলতে রাজি হননি।

ছাত্রলীগের একসময়ের কেন্দ্রীয় সহসভাপতি জাহাঙ্গীর আওয়ামী লীগের মনোনয়নে ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলেও পরে বঙ্গবন্ধুকে অসম্মান করে এক মন্তব্যের জন্য দল থেকে বহিষ্কৃত হন। এবছরের শুরুতে তাকে পুনরায় আওয়ামী লীগে ফিরিয়ে নেওয়া হয়েছিল। তবে এরপর সিটি নির্বাচনে তিনি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করায় পুনরায় তাকে চিরতরে বহিষ্কারের কথা জানান হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। জাহাঙ্গীর এবার নিজে প্রার্থী হতে না পারলেও মাকে মেয়র প্রার্থী করে তাকে জিতিয়ে আনেন। তাতে হারতে হয় আওয়ামী লীগের প্রার্থীকে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ