নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন-এ প্ল্যাস ক্যাম্পেইনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ৬৭ হাজার ৪২১ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল।
বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মসিকের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা বিষয়ক সভায় এ তথ্য জানানো হয়।
মসিক সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে সিটি কর্পোরেশনের ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৪৭৬ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৯৪৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ-ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনের দিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সিটি কর্পোরেশনের ৩০২ টি কেন্দ্রে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
মসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। এ সভায় ময়মনসিংহের সিভিল সার্জন মোঃ নজরুল ইসলাম, মসিক সচিব মোঃ আরিফুর রহমান, মসিকের টিকাদান সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর শাম্মী আক্তার মিতু, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, এস এম মাজহারুল ইসলাম, জেলা তথ্য অফিসের পরিচালক শেখ মোঃ শহীদুল ইসলাম, বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী বলেন, ভিটামিন-এ প্ল্যাস ক্যাম্পেইন সরকারের একটি অন্যতম সফল কর্মসূচি। ময়মনসিংহ সিটি কর্পোরেশন ভিটামিন-এ প্ল্যাস ক্যাম্পেইন সহ অন্যান্য কর্মসূচিতে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করে থাকে। এবারও সেই ধারাকে অব্যহত রাখতে কাজ করতে হবে।






















