।।বগুড়া প্রতিনিধি।।
সান্তাহার রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে সন্দেহজনক তিনজনের ব্যাগ তল্লাশি করে পাওয়া গেল চুরির সরঞ্জাম। একটি তালা কাটার মেশিন, একটি বার্মিজ চাকু, একটি লোহার রড এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানার একটি চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে তিনজনকে আদালতে পাঠানো হয়। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো- নওগাঁ সদর উপজেলার খাস-নওগাঁর সেকেন্দার আলীর ছেলে তারিকুল ইসলাম (২৪), একই এলাকার খোকা মিয়ার ছেলে শামিম হোসন (২৩) ও আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের ভুট্টো মিয়ার ছেলে নিরম ওরফে রনজু (২৩)।
রেলওয়ে থানা সুত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থানরত তিনজনের আচরণ সন্দেহজনক হওয়ার তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যরা। ওই তিনজনের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে চুরির সরঞ্জামাদি পাওয়া যায়। তাদেরকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করে।





















