হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
দাম নিয়ন্ত্রণে ফরিদপুরে গরুর মাংসের দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বুধবার (২৯ নভেম্বর) সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত ফরিদপুর শহরের তেঁতুলতলা ও টেপাখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, মাংসের দাম বেশি নেয়া ও মূল্য তালিকায় দাম প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কমলাপুর তেঁতুল তলায় জামালের মাংসের দোকানকে ৫০০০ টাকা ও ঈসা এন্টারপ্রাইজ মাংসের দোকানকে ২০০০ টাকা এবং টেপাখোলা গরুর হাট সংলগ্ন মুসা ভাইয়ের মাংসের দোকানকে ১০০০ টাকা জরিমানা করা হয়।
সোহেল শেখ বলেন, “রাজধানী ঢাকায় গরুর মাংস ৫৯৫-৬০০ টাকায় বিক্রি হলেও ফরিদপুর জেলায় কেন ভোক্তা পর্যায়ে ৭০০-৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে সেটি নিয়ন্ত্রণে মূলত বুধবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের খবরে গরুর মাংসের দাম কমতে শুরু করে এবং গরুর মাংস ৬০০ টাকায় বিক্রি করতে দেখা যায়।”
তিনি আরও বলেন, অভিযানে ভোক্তা পর্যায়ে মাংসের দাম যৌক্তিক রাখা এবং ঢাকার দাম ৫৯৫-৬০০ টাকার কমে মাংস বিক্রি করা, দামে কারসাজি না করা এবং মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন করার নির্দেশনা দেয়া হয়েছে।
এসময় ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।






















