।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব বৈশ্বিক মঙ্গলের শক্তি এবং এই বন্ধুত্ব এই গ্রহকে আরও সুন্দর ও আরও টেকসই করে তুলবে। রবিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক টুইট বার্তা শেয়ার করে এই মন্তব্য লিখেছেন মোদি।
মোদির ওয়াশিংটন সফরের এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ভারতের বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে ভালো ফলাফলগুলোর মধ্যে অন্যতম। আর এই সম্পর্ক এখন অতীতে যেকোনো সময়ের চেয়ে বেশি জোরালো, ঘনিষ্ঠ এবং বেশি বহুমাত্রিক।’ টুইটের সঙ্গে মোদির ওয়াশিংটন সফরের একটি ভিডিও প্রকাশ করেন তিনি।
বাইডেনের টুইট ট্যাগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত! আমাদের দেশের মধ্যকার বন্ধুত্ব বৈশ্বিক শক্তি। এটা পৃথিবীকে আরও সুন্দর ও আরও টেকসই করে তুলবে। আমার সাম্প্রতিক সফরে যেসব গ্রাউন্ডে আলোচনা হয়েছে তাতে আমাদের বন্ধন আরও বেশি জোরালো হবে।’
গত ২০ জুন নিউ ইয়র্ক যাত্রার মাধ্যমে যুক্তরাষ্ট্র সফর শুরু করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২১ জুন তিনি জাতিসংঘ সদর দফতরের সামনে নবম বিশ্ব যোগ দিবসের আয়োজনে নেতৃত্ব দেন। পরে ওয়াশিংটনের হোয়াইট হাউজে মোদিকে লাল গালিচায় অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন দুই নেতা। পরে মোদি মার্কিন পার্লামেন্টে ভাষণ দেয়ার পাশাপাশি হোয়াইট হাউজে রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেন। এই সফরে প্রতিরক্ষা, মহাকাশ এবং বাণিজ্য বিষয়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হয়েছে।





















