।।নিজস্ব প্রতিবেদক।।
একদফা দাবিতে সপ্তম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় দেশজুড়ে ২৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম আজ রবিবার (২৬ নভেম্বর) সকালে এই তথ্য জানান।
শরিফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ গোটা দেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সরকার পতনের একদফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সপ্তম দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। রোববার ভোর ৬টা থেকে এই অবরোধ চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও যুগপৎ আন্দোলনের শরিকরা।





















