।।নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন- কোনো নির্দিষ্ট একটি দল নয়, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে। যার মাধ্যমে বাংলাদেশের জনগণ আগামী সরকার নির্বাচনের সুযোগ পাবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
পিটার হাস বলেন- যুক্তরাষ্ট্রের নীতি অনুযায়ী, আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সমর্থন করি। যেখানে কোনো পক্ষ থেকে সহিংসতা হবে না। আমরা বিশ্বাস করি, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রত্যেকের ভূমিকা আছে। সরকার, গণমাধ্যম, রাজনৈতিক দল, বিচার বিভাগ, সুশীল সমাজ, নিরাপত্তা বাহিনী প্রত্যেককে তার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
পিটার বলেন- কোনো নির্দিষ্ট একটি দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি, যেটি বাংলাদেশের জনগণকে আগামী সরকার নির্বাচনের সুযোগ করে দেবে। আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন।
আওয়ামী লীগ বলছে- নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে এবং সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। অন্যদিকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলন করছে, এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান কী জানতে চাইলে পিটার বলেন- এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো অবস্থান নেই। এটি রাজনৈতিক দলের ব্যাপার। আমরা কেবলমাত্র অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং সহিংসতামুক্ত নির্বাচনের ব্যাপারে আগ্রহী।
এর আগে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মার্কিন রাষ্ট্রদূত বলেন- আওয়ামী লীগসহ অন্যান্য দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি। সবাইকে আমি মার্কিন ভিসা নীতির কথা জানিয়েছি। তিনি আরও বলেন- আওয়ামী লীগসহ সবাইকে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বলেছি।





















