।।রংপুর ব্যুরো।।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, কেউ যদি ভোটারদের কোন রকম ভয় ভীতি প্রদর্শন করে তাকে শাস্তির আওতায় আনার বিধান করেছে নির্বাচন কমিশন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সকল ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সভা কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা শেষে এসব কথা বলেন তিনি।
রাশেদা সুলতানা বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের তারিখ পেছানোর কোন সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
তবে সব দলকে নির্বাচনে অংশ নেয়ার আহবান জানানো হয়েছে। কারণ সংবিধানের আলোকে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এখানে কারো কোন পক্ষপাতিত্ব করার সুযোগ নেই বলে তিনি জানান। রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার ও সকল অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।






















