।।কুমিল্লা প্রতিনিধি।।
মাত্র এক হাজার টাকা নিয়ে বিরোধের জের ধরে ২০১৭ সালের ১৮ জুন কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচালক ইদ্রিস মৃধা (৩৫) কে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা দায়ে হেলপার দেলোয়ার হোসেন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন বরিশাল বাকের গঞ্জ উপজেলাধীন শ্যামপুর নগরকান্দা গ্রামের ইউনুস খলিফার ছেলে মোঃ দেলোয়ার হোসেন ওরফে বাদশা।
মামলার বিবরণে জানাযায়- ২০১৭ সালের ১৮ জুন সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলাধীন পাগলা ট্রাক ষ্ট্যান্ডে ড্রাইভার ও হেলপার এক হাজার টাকার বিরোধ নিয়ে তর্ক-বির্তক হয়। চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম জগন্নাথদিঘীর এলাকায় হোটেলে খাবার খায় দু’জন। খাবার খেয়ে গাড়ীতে বিশ্রাম করাকালীন সময়ে ট্রাক চালককে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আসামি দেলোয়ার হোসেন। মৃতের চাচাতো ভাই মোঃ হাবিবুর রহমান (৫৫) বাদী হয়ে হেলপার দেলোয়ার হোসেনসহ ২/৩জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন ওরফে বাদশা আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।





















