।।নিজস্ব প্রতিবেদক।।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মনোনয়ন বোর্ড যাকেই মনোনয়ন দিবেন, সবাই সেটা মেনে নেবেন। নৌকার প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের সব নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। এভাবেই তারা নৌকার বিজয়কে নিশ্চিত করবে।
আজ বুধবার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের কদমতলায় নিজ বাসবভনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জোটবদ্ধভাবে নির্বাচন করবেন কি-না সেই প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘যখন প্রয়োজন হয়েছে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছি। আমাদের জোট সব সময় আদর্শিক জোট হয়েছে। কখনো কখনো আমরা নির্বাচনী জোট করেছি। আমাদের মনোনয়ন নির্ধারণ করার কাজ শেষে হলে বোঝা যাবে আমরা জোটবদ্ধভাবে না-কি এককভাবে নির্বাচন করবো।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। উৎসবমুখর পরিবেশে একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।’
এসময় আগামী জানুয়ারি মাসের বই উৎসব সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আগামী জানুয়ারি মাসের ১ তারিখেই আমাদের বই উৎসব হবে। উৎসব করার জন্য আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে।’





















