।।শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের নালিতাবাড়ীতে বাঙালির প্রাণের নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সেঁজুতি বিদ্যানিকেতনের আয়োজনে নানা সাজে অনুষ্ঠিত হয়েছে এবারের নবান্ন উৎসব।
বুধবার (১৫ নভেম্বর) সকালে নবান্নকে স্বাগত জানিয়ে শহরের সেঁজুতি অঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মাটির উনুনে রাখা পাতিলের ঢাকনা উঠিয়ে নবান্ন উৎসবের অনুষ্ঠানের শুরু করেন সরকার গোলাম ফারুক।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়জিৎ দত্ত শ্যামল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, কৃষক ইসমাইল সিরাজী ও সাংবাদিক শাহাদত তালুকদার।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রিন্সিপাল মুনীরুজ্জামান। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির ও শিক্ষক মাহমুদুল আহসান লিটন প্রমুখ।
বক্তারা বলেন, গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে বাঙালির হাজার বছরের প্রাচীনতম উৎসব নবান্ন। নবান্ন উৎসব হলো অসাম্প্রদায়িক উৎসব। অগ্রহায়ণ মাসে কৃষকের নতুন বার্তা নিয়ে আমন ধানের আগমন ঘটে। এ উৎসব বাঙালি জাতিকে ঐক্য, ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে।






















