।।কুমিল্লা প্রতিনিধি।।
নির্বাচন বানচাল ও সারা দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়েছে।
প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল ও বিপুল সংখ্যক পিকআপ, মাইক্রোবাসে হাজার হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভায় যোগ দেন।
বিক্ষোভ মিছিলটি আজ শনিবার সকাল ১০টায় দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদের সামনে সাহাড়পার থেকে বাগুর, কাচিসাইর, পোনরা, ভিরাল্লা, কালিকাপুর, এগারোগ্রাম, বড়শালঘর, ছোটশালঘর, কোম্পানীগঞ্জ, দেবিদ্বার পৌরসভা, গুনাইঘর, ধামতি, রাজামেহের হয়ে ভানী ইউনিয়ন পরিষদ এর সামনে সাহাড়পার এসে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ।
পথসভায় আবুল কালাম আজাদ বলেছেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেই মুহুর্তে বিএনপি-জামায়াত মিথ্যাচার শুরু করে সারা দেশে বিশেষ করে ঢাকায় আন্দোলনের নামে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে’।























