।।নেত্রকোনা প্রতিনিধি।।
নিরীহ ফিলিস্তিনিদের ওপর অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাওহীদী জনতা।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে পৌরশহরের কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপজেলার বিভিন্ন ইসলামি সংগঠন, বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিন, বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক সহস্রাধিক তাওহীদী জনতা অংশ গ্রহণ করেন।
মিছিলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবিতে জুতার মালা পরানো ফেস্টুনসহ ইসরাইল বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন করা হয় এবং নানারকম স্লোগানের মাধ্যমে ইসরাইলীদের প্রতি তীব্র ঘৃণা ও নিন্দা প্রকাশ করা হয়। মিছিল শেষে পুনরায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক বিক্ষোভ সমাবেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনাসহ ফিলিস্তিনিদের বিজয়ের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সমগ্র বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলীদের কড়া জবাব দিতে এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশিদ ফারুকী ও মাওলানা আব্দুল ওয়াদুদ।






















