জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।
মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি ইসমাঈল (২১)কে মৌলভীবাজার থেকে আটক করেছে র্যাব।
বুধবার (১১ অক্টোবর) দুপুর পৌনে তিনটার দিকে মৌলভীবাজার জেলার সদরের শমসের নগর এলাকা থেকে আটক করা হয়। এসময় অপহৃত ভিকটিম মাদ্রাসা ছাত্রী (১৩) উদ্ধার করে র্যাব।
আটককৃত মো. ইসমাঈল ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মির্জানগর সিংরইল এলাকার সোহরাব মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরের দিকে কিশোরগঞ্জের কোম্পানি অধিনায়ক মো. আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১৬ মে বিকাল অনুমানিক ৪ টার দিকে ভিকটিম মাদ্রাসা ছাত্রী ক্লাস শেষে বাড়ি ফেরার জন্য রওনা করে। এময় কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়স্থ বড়ভাগ এলাকায় পৌঁছালে মো. ইসমাঈল ও তাঁর সহযোগি মো. রনি মিয়া (২১) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের সহায়তায় ওই ছাত্রীকে একটি অজ্ঞাত অটোরিকশায় করে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে আটকে রাখে। এ ঘটনায় ভিকটিমের পরিবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদেরকে আটকের জন্য র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর র্যাব-১৪ ও র্যাব- ৯ এর যৌথ অভিযানে অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার ও প্রধান অপহরণকারীকে আটক করে র্যাব।
র্যাব কিশোরগঞ্জের কোম্পানি অধিনায়ক মো. আশরাফুল কবির জানান, গ্রেফতার অপহরণকারী মো. ইসমাঈলকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।






















