নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে রেললাইনে আটকে যাওয়া ট্রাকে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছে। এই ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল দেড় ঘন্টা বন্ধ ছিলো।
সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নগরীর কেওয়াটখালী রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাত সোয়া নয়টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন ইনচার্জ নাজমুল হক খান বলেন, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে নগরীর কেওয়াটখালী রেলক্রসিং একটি ট্রাক লাইনে আটকে পড়ে। এসময় ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এই ঘটনার পর থেকে ঢাকা ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ট্রাকটি সরিয়ে রাত সোয়া নয়টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মাসুদ রহমান জানান, এই ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। হতাহতরা সবাই ট্রেনের ইঞ্জিনের সামনে ঝুলে ছিলো। তাদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





















