মিলন ত্রিপুরা
খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি সদর ইউনিয়নের ঠাকুরছড়া জাগরণ পাঠাগার ভবন’র শুভ উদ্বোধনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে নতুন ভবনের শুভ উদ্বোধন, এসএসসি ২০২৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা আয়োজন করে ঠাকুরছড়া জাগরণ পাঠাগার।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা বললেন বই হোক আলোকিত মানুষ গড়ার কারিগর। তিনি আরো বলেন, সমাজকে উন্নয়ন করতে হলে শিক্ষা গ্রহণ করতে হবে। এ শিক্ষা গ্রহণের জন্য ব্যাপক ভূমিকা রাখছে প্রান্তিক এলাকায় গড়ে ওঠা এসব পাঠাগার। তিনি মনে করেন পাঠাগারের প্রাণ হলো পাঠক। যে পাঠাগারে পাঠক থাকে না সেই পাগারের প্রাণ থাকে না। সুতরাং পাঠাগারের পাঠক বৃদ্ধির জন্য অনুরোধ করেন।
এছাড়াও তিনি আরো বলেন, জেলার পাঠাগারগুলোকে সক্রিয় করতে পার্বত্য জেলা পরিষদ নানা কার্যক্রম হাতে নিয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে পরবর্তী সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। পাঠাগার নির্মাণে ভূমিদাতা অজিত কুমার রোয়াজার প্রতিও ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে ঠাকুরছড়া জাগরণ পাঠাগারের প্রজ্জ্বল ময় ত্রিপুরা বলেন, পাঠক যেন গ্রন্থাগারমুখী হয় সে লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন। কারণ, পাঠাভ্যাসই সমাজে আলোকিত মানুষ গড়ে তোলে। তিনি আরো জানান, খাগড়াছড়ি জেলায় নিবন্ধিত পাঠাগারের সংখ্যা ৩২টি এবং তারমধ্যে ঠাকুরছড়া জাগরণ পাঠাগারটি অন্যতম। ২০২২ সালের জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ঠাকুরছড়া জাগরণ পাঠাগার জেলায় ১ম হিসেবে পুরস্কার পেয়েছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বলেন, পাঠাগারের প্রাণ হলো পাঠক। এজন্য পাঠাগারে পাঠক সংখ্যা বৃদ্ধি করা। ফলে সমাজ যেমন সুশৃঙ্খল হবে তেমনি ভবিষ্যৎ প্রজন্মের যুব সমাজ শিক্ষিত হবে। পাঠাগারের ১৫০ বছরের ইতিহাস দেখলে বোঝা যায়, পুরোনো পাঠাগারগুলোর নিজস্ব বক্তব্য ও আদর্শ ছিল বলে পাঠক আসত। এখন যা অনুপস্থিত। তাই সেদিকে নজর দিতে হবে। পাঠাগারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। স্বাবলম্বী হলেই পাঠাগারগুলো নিজের কথা বলতে পারবে।
এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞানদত্ত ত্রিপুরা, ৩ গোলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সভাপতি নবলেশ্বর দেওয়ান লায়ন, হামরনায় বন্থা’র সভাপতি দেবাশীষ রোয়াজা, শিবমন্দির পরিচালনা কমিটির সভাপতি পুলক নারায়ণ রোয়াজা, জেলা সরকারি গণগ্রন্থাগারের প্রতিনিধি রিকেন চাকমা প্রমুখ।






















