হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ডাইভার্সনের সঙ্গে ধাক্কা লেগে পল্লব ঘোষ (৪৫) নামে পূর্বাশা পরিবহনের এক গাড়িচালক নিহত হয়েছেন। এসময় আরও তিন যাত্রী আহত হন। যাত্রীবাহী বাসটি তীর্থ যাত্রীদের নিয়ে সীতাকুণ্ড থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল।
শনিবার (৭ অক্টোবর) ভোরে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের ডাইভার্সনের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গাড়িচালক পল্লব ঘোষ পূর্বাশা পরিবহনের চালক এবং ঝিনাইদহের সদর উপজেলার বিষয়খালী বাজার গ্রামের কানাই ঘোষের ছেলে।
আহতরা হলেন- ইয়াকুব আলীর ছেলে সাগর আহমেদ (২২), পুশি রানী (৪০) ও বাসন্তী রানী (৫০)। আহতদের সবার বাড়ি ঝিনাদহ জেলার বিভিন্ন এলাকায়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪ টার দিকে পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-৪১০৭ ) যাত্রীবাহী একটি বাস তীর্থ যাত্রীদের নিয়ে সীতাকুণ্ড থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মধুখালী উপজেলা সদরে ঢাকা-খুলনা মহাসড়কের ডাইভার্সনের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে এবং গাড়িচালকের পল্লব ঘোষ ঘটনাস্থলে নিহত হন। এতে আহত তিন যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সহিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত পূর্বাশা পরিবহনটিকে আটক এবং লাশ উদ্ধার করে থানায় আনা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





















