।।শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের নকলায় জেসমিন আক্তার (৩০) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) সকালে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বন্দটেকি এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নববধূ ওই এলাকার আশিকুর রহমান লাদেনের স্ত্রী।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, প্রায় তিন মাস আগে জেসমিন আক্তারের সাথে লাদেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জেরে প্রায় দুই মাস আগে দু’জন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে লাদেন জানতে পারে জেসমিনের একটা দ্বিতীয় বিবাহ। এরপর থেকেই পারিবারিক কলহ চলে আসছিল তাদের সংসারে। বুধবার সকালে জেসমিনের শয়ন কক্ষের বাঁশের ধন্যার সাথে গলায় উড়না পেঁচানো অবস্থার তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামীসহ পরিবারের সবাই পলাতক রয়েছেন।
চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক আবু সাইম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই বাড়ির সবাই পলাতক রয়েছেন। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।





















