।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
কানাডার ভারতীয় দূতাবাসের ৪০ কূটনীতিককে প্রত্যাহার করে নিতে বলেছে ভারত। গত ১০ অক্টোবর যারা দূতাবাসে ছিলেন তাদের কূটনৈতিক দায়মুক্তি তুলে নেয়া হয়েছে। ফিনান্সিয়াল টাইমস প্রথম এই খবর সামনে আনে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলেছে এনিয়ে তাদের বলার কিছু নেই।
গত কয়েক সপ্তাহ ধরে ভারত-কানাডা টানাপোড়েন চলছে। গত মাসে কানাডা অভিযোগ করে তাদের ভূখণ্ডে শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতের হাত থাকতে পারে।
অটোয়ায় ভারতের যে পরিমাণ কূটনীতিক রয়েছে, দিল্লিতে তার চেয়ে অনেক বেশি কানাডার কূটনীতিক রয়েছে। এই সংকট শুরু হওয়ার পর থেকে কানাডাকে কূটনৈতিক মিশনে সমতা আনতে বলে আসছে ভারত।
গত মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিকদের বলেন, তিনি ভারতের সঙ্গে বিরোধ বাড়াতে চাইছেন না। তিনি বলেন, আমরা দায়িত্বশীল এবং গঠনমূলকভাবে ভারত সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকা অব্যাহত রাখবো।
নিজ্জার হত্যায় কানাডা ভারতকে অভিযুক্ত করার পর থেকে উভয় দেশ পরস্পরের কূটনীতিক বহিষ্কার করেছে। গত ২১ সেপ্টেম্বর কানাডার নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করে দেয় ভারত। কানাডার ভারতীয় মিশনে নিরাপত্তা ঝুঁকি উল্লেখ করে এই সিদ্ধান্ত জানানো হয়।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচিও বলেছেন, ভারত উভয় দেশের কূটনৈতিক মিশনে পদমর্যাদা এবং কূটনৈতিক সামর্থে্যর সমতা চায়। তিনি বলেন, এটা চাওয়া হচ্ছে কারণ কানাডীয় কূটনীতিকরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন।





















