মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সুপ্রীমকোর্টের বিজ্ঞ আইনজীবী ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. আব্দুল মতিন বলেছেন, আমার নেত্রী শেখ হাসিনা তাঁর অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মডেল রাষ্ট্র হিসেবে তুলে ধরেছেন এবং তা শুধু শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণেই সম্ভব হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় এডভোকেট আব্দুল মতিন তাঁর বক্তব্যে শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র গ্রামীণ জনপদের সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।
বলাইশিমুল ইউনিয়নের ১,২,৩,৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন খসরু’র সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাইকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবীর চৌধুরী, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ভূইয়া প্রমুখ।
জনসভায় উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ, বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং বলাইশিমুল ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।





















