।।কূটনৈতিক প্রতিবেদক।।
ব্রিটেন চায় যে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হোক। নির্বাচন ইস্যূতে বাংলাদশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহ কুক রোববার জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন থেকে জানান হয়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে রোববার বৈঠক করেন। এই সময় তারা দুই দেশের সম্পর্ক এবং আগামী নির্বাচন নিয়ে আলাপ করেন। বাংলাদেশের আগামী নির্বাচন অনুষ্ঠান অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে উৎসাহ দেয় ব্রিটেন।
একাধিক সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে আগামী নির্বাচন কেমন হতে পারে সে সম্পর্কে জানতে চান ব্রিটিশ হাইকমিশনার। আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিবে কিনা, শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবণা কতটুকু, সবগুলো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিবে কিনা ব্রিটিশ হাইকমিশনার জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে এগুলো জানতে চান।
এর আগে, আগামী জাতীয় নির্বাচন ইস্যূতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। ওই বৈঠক সম্পর্কে ঢাকায় অবস্থিত বৃটিশ হাইকমিশন থেকে গত বৃহস্পতিবার বলা হয়, আগামী জাতীয় নির্বাচন ইস্যূতে বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক আওয়ামী লীগ এবং বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশের আগামী নির্বাচন স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্য উৎসাহিত করে। যুক্তরাজ্য মনে করে যে বাংলাদেশের জনগণ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেই সুযোগ থাকা উচিত।






















