।।নেত্রকোনা প্রতিনিধি।।
নেত্রকোনায় হাওরে একটি ইটবোঝাই ইঞ্জিনচালিত নৌকাডুবিতে নিখোঁজ হওয়া আলী আমজাদ (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে জেলার কলমাকান্দা উপজেলার সোনাডুবি হাওর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এ মরদেহটি উদ্ধার করেন। যুবক আলী আমজাদ কলমাকান্দা উপজেলার নানিয়া গ্রামের চাঁন খা’র ছেলে।
কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, গত বুধবার সকাল ১১টার দিকে কলমাকান্দা উপজেলা সদরের একটি ইটভাটা থেকে ওই নৌকায় ১ হাজার ২শ ইট বোঝাই করে সোনাডুবি হাওর দিয়ে যাচ্ছিল। এ সময় হাওরের নাগডর এলাকায় হঠাৎ নৌকাটি ডুবে গেলে নৌকায় থাকা দুজন ব্যক্তির মধ্যে একজন সাঁতরে জীবন বাঁচান এবং আলী আমজাদ নিখোঁজ হন। পরে ময়মনসিংহ ডুবুরী দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে ওই দিন বিকেলেই উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর আজ নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।





















