হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক-প্রাইভেটকার ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।
সোমবার (০২ অক্টোবর) রাত সোয়া ১০ টার দিকে উপজেলার কাদেরদী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত অটোভ্যান চালকের নাম এলেম শেখ (৪৫)। সে পার্শ্ববর্তী মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের ফুলবাড়ী দস্তরদিয়া গ্রামের মৃত জলিল শেখের ছেলে।
জানা যায়, সোমবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার কাদিরদী উচ্চ বিদ্যালয়ের সামনে বোয়ালমারীগামী একটি ট্রাক ( ঝিনাইদহ -ট-১১১৯৫২) বিপরীতমুখী অটোভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক এলেম শেখ ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এ সময় দ্রুতগামী ট্রাকটি পালাতে চেষ্টাকালে ফরিদপুরগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো -৩৭৭৬৩৭) সঙ্গে ট্রাকটির ফের সংঘর্ষ হয় এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
দূর্ঘটনার পরপরই ট্রাক ও প্রাইভেট-কারের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। এসময় ট্রাকের চালকের সহযোগী রাজু মিয়াকল (২৮) স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। চালকের সহযোগী রাজু রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনার শিকার এলেম শেখকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মাসুম তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ট্রাক ও প্রাইভেটকারের ড্রাইভার গাড়ী ফেলে পালিয়ে যায়। ঘাতক ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





















