হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২’শ ২৫ জন রোগী।
মারা যাওয়া তিন নারীরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকার মোছলেম শেখের স্ত্রী মরিয়ম (৩৫), একই উপজেলার চাঁদহাট গ্রামের রওশন মাতুব্বরের স্ত্রী রোকসানা (২৫) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগুলিয়া এলাকার মনির উদ্দিনের স্ত্রী আবেজান (৭০)।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।
ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে মরিয়ম নামের এক গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোর ৩ টার দিকে মারা যান ওই নারী। অপরদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোকসানা নামে এক নারী শনিবার হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ওই নারীর মৃত্যু হয়। এছাড়া, আবেজান নামে অপর আরেক নারী সোমবার বিকাল ৪ টার দিকে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাত ২টার দিকে ওই নারীর মৃত্যু হয়।
তিনি আরো জানান, বর্তমানে হাসপাতালটিতে ২’শ ৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২’শ ২৫ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬’শ ২৫ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২’শ ৩৯ জন।
তিনি আরো জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ২৪ জন। জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ১’শ ৬২ জন। এর মধ্যে ৬ হাজার ৫’শ ১৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।





















