।।স্পোর্টস ডেস্ক।।
মাত্র তিন সপ্তাহের ব্যবধানে দুটি বড় টুর্নামেন্টে খেলতে নামছে ভারত। ক্রিকেটের শক্তিধর দেশটি গত ১০ বছর ধরে আইসিসির কোনো ট্রফি জিততে পারেনি। এ মাসের শেষে মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা এশিয়া কাপে ভারতকে সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে মনে করছেন দেশটির ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য মদন লাল। কিন্তু ঘরের মাঠের বিশ্বকাপে কোহলিদের সাফল্যের বিষয়ে তার সন্দেহ আছে।
যেহেতু বিশ্বকাপ এবার ভারতের মাটিতে, তাই স্বাগতিক দলকেই ফেবারিট হিসেবে দেখা হচ্ছে। তাছাড়া তারুণ্য আর অভিজ্ঞদের মিশেলে ভারতীয় দলটি দুর্ধর্ষ হয়ে উঠেছ। কিন্তু মদনলালের ভাবনা অন্য জায়গায়, ‘আমার একমাত্র চিন্তা ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে। তারা অভিজ্ঞ এবং অনেক ম্যাচ খেলেছে।
তারা যদি দু–একটা ম্যাচ খেলতে পারে, তাহলে সেটি তাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে। এর ফলে তাদের মধ্যে এই অনুভূতি তৈরি হবে যে তারা ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট এবং খেলার মধ্যেই আছে।’
২০১১ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। আর ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের সর্বশেষ আইসিসি শিরোপা।
মদন লাল মনে করেন, ভারত এবার এশিয়া কাপ জিততে পারবে। তবে বৈশ্বিক ট্রফি তাদের অধরাই থেকে যাবে! মদন লালের ভাষায়, ‘আমি নিশ্চিত ভারত এশিয়া কাপ জিতবে। কিন্তু বিশ্বকাপে শিরোপা জেতার মতোই আরও ছয়টি দল আছে—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে এবার বিশ্বকাপ। এটা একটা সুবিধা।
আবার একই সঙ্গে এটা অসুবিধারও। ঘরের মাঠে খেলাটা চাপের ব্যাপারও হয়ে উঠতে পারে।






















