আল আমিন খান
হবিগঞ্জ প্রতিনিধি।।
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচংয়ে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আইন উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ৩নং ইউনিয়ন পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে তিনি বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি দীর্ঘদিন ধরে বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলায় নৌকার বিজয়ের লক্ষে কাজ করে আসছেন। এতে তিনি দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমর্থন পেয়েছেন। আগামী নির্বাচনে তিনি নৌকা প্রতীক পেলে ওই দুই উপজেলার মানুষ তাকে দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট ও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তিনি নির্বাচনী কাজে বানিয়াচং কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন।
এছাড়া মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, ‘ভবিষ্যতে তিনি এমপি নির্বাচিত হলে বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলাকে পরিকল্পিত ভাবে উন্নত এলাকা হিসেবে গড়ে তুলবেন। এতে উপস্থিত ছিলেন বানিয়াচংয়ের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদের ছেলে।





















