হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
দীর্ঘ ২৯ বছর পর গোপালগঞ্জ জেলা সদর এলাকায় চাঞ্চল্যকর চা দোকানদার সেকেন্দার শেখ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: মিজান ওরফে শাহিনকে (৪৬) গ্রেপ্তার করেছে ফরিদপুর র্যাব-১০।
ফরিদপুরের ভাঙ্গা এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। মিজান গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের মৃত ওয়াদুদ দফাদারের ছেলে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার কে এম শাইখ আকতার।
র্যাব জানায়, গোপালগঞ্জের সদর উপজেলার তেলিগতি এলাকার বাসিন্দা মৃত নজির শেখের ছেলে সেকেন্দার শেখ (৩০) কাঠি বাজারে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১৯৯৪ সালের ১৪ জানুয়ারি রাতে সেকান্দার প্রতিদিনের ন্যায় চা বিক্রি শেষে তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা করেন।
পথিমধ্যে কাঠি পশ্চিম পাড়া এলাকায় পৌঁছালে রাস্তার পাশে ৭/৮ জন লোককে ফাঁকা জমির উপর বসে থাকতে দেখে সেকেন্দার তাদের দিকে টর্চ লাইটের আলো ফেলে। টর্চ লাইটের আলোতে সে দেখতে পায় তারা সেখানে বসে গাঁজা সেবন করছে। সেকেন্দার তাদেরকে গাঁজা সেবনে মৌখিক ভাবে বাধা দিলে মিজান ওরফে শাহিন সহ তার অন্যান্য সহযোগী মিলে সেকান্দারের উপর ক্ষিপ্ত হয়ে তাদের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে সেকান্দারের বুকে, পেটে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেকান্দারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। হত্যাকাণ্ডের ঘটনায় সেকেন্দার শেখের ভাই এনায়েত শেখ বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার কে এম শাইখ আকতার জানান, মামলা রুজুর বিষয়টি জানতে পেরে হত্যাকাণ্ডে জড়িত সবাই আত্মগোপনে চলে যায়। তাদের মধ্যে মিজান ওরফে শাহিন উক্ত হত্যাকান্ডের পর কৌশলে মালয়েশিয়া চলে যায়। দীর্ঘদিন মালয়েশিয়া অবস্থান করার পর দেশে ফিরে আসে। পরবর্তীতে সে ফরিদপুরের ভাঙ্গা সহ দেশের বিভিন্ন এলাকায় তার নাম ও পরিচয় গোপন করে লোকচক্ষুর আড়ালে চুপিসারে জীবনযাপন করতে থাকে।
তিনি আরো জানান, ঘটনাটি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল চাঞ্চল্যকর চা দোকানদার সেকান্দার শেখ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
কে এম শাইখ আকতার জানান, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর চা দোকানদার সেকেন্দার শেখ হত্যা মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিজান ওরফে শাহিনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ২৯ বছর যাবৎ দেশে-বিদেশে পলাতক ছিলেন মিজান। গ্রেপ্তারকৃত মিজানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





















