।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, মহাসড়কে অবতরণের চেষ্টার সময় একটি প্রাইভেট প্লেন, একটি গাড়ি ও একটি মোটরসাইকেলের ওপর বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। দেশটির বেসামরিক প্লেন চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বেচক্রাফট প্লেনটিতে ছয় আরোহী এবং দুই ক্রু ছিলেন।
প্রাইভেট প্লেনটি লানকাউই থেকে রাজধানী কুয়ালালামপুরের পশ্চিমে সেলানগরে যাত্রা করেছিল। সেলানগরের পুলিশ প্রধান জানান, প্লেনটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। হুসেইন ওমর খান বলেছেন, জরুরি কোনো কল ছিল না। প্লেনটিকে অবতরণের অনুমতি দেয়া হয়েছিল।
প্লেনটির ব্লাক বক্স উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোক বলেছেন, তদন্ত চলতে থাকায় আমরা এখনো প্লেন বিধ্বস্তের কারণ বলতে পারছি না। ফরেনসিক কর্মকর্তারা নিহতদের মরদেহ শনাক্তে কাজ করছেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, প্রকৌশলী হিসেবে একটি সাইটে কাজ করার সময়ে তিনি বিস্ফোরণের শব্দ শুনতে পান। তিনি প্লেন বিধ্বস্তের জায়গায় ছুটে যান এবং আহত মানুষ দেখতে পান।
মালয়েশিয়ার বিমানবাহিনীর সাবেক সদস্য মোহাম্মদ শামি মোহাম্মদ হোসেন জানান, তিনি প্লেনটিকে বিক্ষিপ্তভাবে উড়তে দেখেছেন। তিনি বলেন, ‘এর কিছুক্ষণ পরই জোরালো শব্দ শোনা যায়। ঘটনাস্থলের দিকে ছুটে যাই এবং প্লেনটির ধ্বংসাবশেষ দেখতে পাই। কিছুই করতে পারিনি।’






















